বাঁশখালীতে বন্যার পানির তীব্র স্রোতে প্রাণ হারানো কিশোরী তাহিন নুরের পরিবারকে আমীরে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা
চট্টগ্রাম, ১৫ জুলাই: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যার পানির তীব্র স্রোতে দুর্ঘটনায় নিহত কিশোরী তাহিন নুরের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
সম্প্রতি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকার বাসিন্দা আব্দুল করিমের ১২ বছর বয়সী কন্যা তাহিন নুর বন্যাজনিত দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়। গত ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল প্রায় ১০টায় সে বন্যার পানিতে তলিয়ে থাকা একটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির তীব্র স্রোতে পা পিছলে গভীর খাদে পড়ে যায় এবং স্রোতের পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে বাঁশখালী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল টানা অভিযান চালিয়ে ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার ১৪ জুলাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পরিবারের হাতে তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বাঁশখালী উপজেলা আমীর মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ ইছমাইল, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল্লাহ, বাঁশখালী পৌরসভা আমীর মাওলানা আবু তাহের এবং সরল ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ জাহেদ।
নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমা তাহিন নুরের মাগফিরাত, জান্নাতুল ফিরদাউস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার তাওফিক কামনা করেন। একই সঙ্গে তারা প্রাকৃতিক দুর্যোগে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।