বান্দরবান জেলা পরিষদের বরাদ্দকৃত ত্রাণ লামার বন্যার্তদের মাঝে বিতরণ
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
সাম্প্রতিক টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের লামা উপজেলার বন্যার্ত মানুষের মাঝে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) লামা উপজেলার বন্যাকবলিত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা এবং পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন লামা উপজেলা শাখার সভাপতি মো. ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রণয় ত্রিপুরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, উপজেলা বিএনপির প্রতিনিধি অ্যাডভোকেট মো. মামুন মিয়া, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম খান, রূপসীপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি রফিকুল ইসলামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রতিনিধিরা।
ত্রাণ বিতরণকালে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সরকারি ও স্থানীয় পর্যায়ের সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং ঘরবাড়ি, কৃষিজমি ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা পরিষদও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।