মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানের স্বীকৃতি: জাতীয় পর্যায়ে ১৮তম বারের মতো শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা ‘মমতা’
চট্টগ্রাম প্রতিনিধি:
মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মমতা’ জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’ হিসেবে পুরস্কৃত হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানটি ১৮তম বারের মতো এই জাতীয় সম্মান অর্জন করল।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গত রবিবার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “তরুণদের আশা–আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর হাত থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ বেসরকারি সংস্থার পুরস্কার গ্রহণ করেন মমতার প্রধান নির্বাহী, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সমাজসেবক, সাবেক লায়ন জেলা গভর্নর আলহাজ্ব মো. রফিক আহামদ। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুধু জাতীয় পর্যায়েই নয়, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়েও ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’ হিসেবে পুরস্কার অর্জন করেছে মমতা। বিভাগীয় পর্যায়ের পুরস্কার গ্রহণ করেন মমতার উপ-প্রধান নির্বাহী তৌহিদ আহমেদ এবং জেলা পর্যায়ের পুরস্কার গ্রহণ করেন মমতা মাতৃসদনের সিনিয়র কনসালটেন্ট ডা. মোর্শেদা বেগম।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব মো. রফিক আহামদ বলেন, চার দশকেরও বেশি সময় ধরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় নিরলসভাবে কাজ করে মমতা সারাদেশে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড এবং সরকারের সহায়ক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, ১৯৮১ সাল থেকে চট্টগ্রামে মা ও শিশু স্বাস্থ্যসেবায় মমতা যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে। সরকারের এই স্বীকৃতি শুধু মমতার নয়, সমগ্র চট্টগ্রামবাসীর গর্ব। এই অর্জনের অংশীদার চট্টগ্রামের সকল মানুষ বলেও তিনি মন্তব্য করেন।