“তারেক রহমানের নির্দেশনায় থোয়াইনু অং চৌধুরীর উদ্যোগে লামায় ৩ শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ”
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তাঁর উদ্যোগে সোমবার (১৩ জুলাই) লামা পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ৩ শতাধিক বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে হরিণঝিরি, লাইনঝিরি, লামা বাজার, নয়াপাড়া, চেয়ারম্যানপাড়া, লামামুখ ও সাবেক বিলছড়ি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন লামা উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, লামা পৌর কৃষকদলের আহ্বায়ক আমির হোসেন, লামা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, কাইমুর রশিদ বাবু, বাবু মং মার্মা, জাকির হোসেন, মহিলা নেত্রী জোসনা বেগমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির অন্যতম অঙ্গ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানের মতো লামাতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখা হচ্ছে। ভবিষ্যতেও যেসব পরিবার এখনো সংকটে রয়েছে, তাদের কাছেও পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
ত্রাণ গ্রহণকারী পরিবারগুলো এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।