সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রামের পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিএন্ডবি, মোহরা ও দক্ষিণ কাট্টলি এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার প্রতিমন্ত্রী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমানকে সঙ্গে নিয়ে বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং জলাবদ্ধতা ও বন্যার কারণে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি বিশুদ্ধ পানির সংকট, খাদ্যসহ জরুরি সেবার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সব প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে। কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করবে। জনগণের যেকোনো দুর্যোগে জনপ্রতিনিধিরা অতীতের মতো ভবিষ্যতেও মানুষের পাশে থাকবেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সব বিভাগ মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, জরুরি সেবা নিশ্চিত করা, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তায় বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান, জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার, চাল, ডাল, তেল, বিশুদ্ধ পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নিম্নাঞ্চলের হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ পরিস্থিতিতে সরকারি উদ্যোগে চলমান ত্রাণ ও সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ক্যাটাগরি