বন্দরটিলায় খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা-আবর্জনা অপসারণে চসিকের অভিযান
চট্টগ্রাম নগরের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্দরটিলা এলাকায় খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ময়লা-আবর্জনা অপসারণে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
রোববার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল পর্যন্ত টানা এ অভিযান পরিচালনা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (সিটি ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত) প্রণয় চাকমা।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র খালের একপাশ ও খালের ওপর স্ল্যাব, কাঠের পাটাতন ও বাঁশের বেড়া দিয়ে ভাসমান দোকান ও অস্থায়ী বাজার বসিয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করছিল। পাশাপাশি সেখানে ময়লা-আবর্জনার স্তূপ জমে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল, যা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
অভিযান চলাকালে প্রণয় চাকমা বলেন, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল, নালা ও ড্রেন দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। খাল ও ড্রেনের ওপর কিংবা আশপাশে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন নগরীর সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, চসিকের পরিচ্ছন্নতা সুপারভাইজার মো. শহিদুল ইসলাম, সহকারী মো. ফখরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ, মজিবুর রহমান, সুমন রহমান, ইপিজেড থানা পুলিশের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চসিকের পক্ষ থেকে জানানো হয়, নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পর্যায়ক্রমে সব এলাকায় অব্যাহত থাকবে। এ কার্যক্রম সফল করতে নগরবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করা হয়।