“বন্যাদুর্গত মানুষের পাশে আলীকদম সেনা জোন, লামার গজালিয়ায় ২১ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ”
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গাইন্দা পাড়ার ২১টি বসতবাড়ি প্লাবিত হয়ে প্রায় ৭৫ জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের জন্য আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান নিতে বাধ্য হয়। দুর্গত পরিবারগুলো এখনো সরকারি ত্রাণ সহায়তা না পেলেও প্রশাসন ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে।
বন্যার খবর পাওয়ার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন পরিস্থিতির খোঁজখবর নেয় এবং গজালিয়া আর্মি ক্যাম্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। মানবিক দায়িত্ববোধ থেকে আলীকদম সেনা জোনের উদ্যোগে বন্যাকবলিত ২১টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও রান্না করা দুপুরের খাবার বিতরণ করা হয়। প্রতিকূল আবহাওয়া ও জলাবদ্ধতা উপেক্ষা করে সেনাসদস্যরা দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তাদের মতে, সংকটময় মুহূর্তে আলীকদম সেনা জোনের এই মানবিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করেছে।
আলীকদম সেনা জোন জানিয়েছে, ভবিষ্যতেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ, চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।