সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের (CIS) উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন-২০২৬-এর অংশ হিসেবে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) আয়োজিত র‍্যালিটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চান্দগাঁও আবাসিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্কুলের সিনিয়র ও মিড লেভেলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহরিমা তাসবীর নেতৃত্বে বাংলা ও ইংরেজি ভাষায় দেওয়া বিভিন্ন সচেতনতামূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকার সড়কগুলো।

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে CIS নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিজ এলাকা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

ক্যাম্পেইনটির পরিকল্পনা ও উদ্যোগে ছিলেন স্কুলের সেক্রেটারি প্রফেসর ড. গিয়াসউদ্দিন হাফিজ এবং জয়েন্ট সেক্রেটারি ও অ্যাকাডেমিক অ্যাডভাইজর প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।

র‍্যালিতে শিক্ষকদের সঙ্গে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো. আবুল হাসান।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সচেতনতাই মুক্তি, সবার হোক এক যুক্তি—ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম ও বাংলাদেশ গড়ার প্রত্যয়ে CIS-এর এই উদ্যোগ।

ক্যাটাগরি