পাহাড়ধসে নিহত পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি, তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় পাহাড়ধসে একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি। তিনি তারেক রহমানের পক্ষ থেকে দুই ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
শনিবার (১১ জুলাই) দুপুরে আজিজনগর মিশনপাড়ায় নিহতদের স্বজনদের বাড়িতে গিয়ে তিনি তাদের খোঁজখবর নেন, সমবেদনা জানান এবং আর্থিক অনুদান হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন, জেলা বিএনপির সদস্য আলহাজ নাজেমুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম রিয়াদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় সংসদ সদস্য সাচিং প্রু জেরি বলেন, “তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের খোঁজখবর নিতে এসেছি। এই শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।