রাঙামাটিতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পরিষদ সদস্য হাবীব আজম।
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকিতে রাঙামাটিতে দুর্যোগ পরিস্থিতি অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার ৩৪টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৪ হাজার ৩৬৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
এ পরিস্থিতিতে শুক্রবার রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম পৌর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয়তার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে রাঙামাটি জেলা পরিষদের জন্য বরাদ্দকৃত বিশেষ সহায়তা দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা পরিষদ ও প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।
একপর্যায়ে তিনি আশ্রয়কেন্দ্রে থাকা শিশুদের হাতে চকলেট তুলে দেন। দুর্যোগের মধ্যেও এই ছোট্ট উপহার শিশুদের মুখে হাসি ফোটায় এবং তৈরি হয় এক মানবিক মুহূর্ত।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা আশ্রয়কেন্দ্রের খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসাসহ সার্বিক মানবিক সহায়তা কার্যক্রমের খোঁজখবর নেন।
এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।