বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, পানিবন্দী হাজারো মানুষের দুর্ভোগ
মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা ও উপজেলা সদরে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। পৌরসভার বিভিন্ন এলাকা ও উপজেলা সদরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
বন্যার পানিতে সড়ক, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা প্লাবিত হয়েছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। পানিবন্দী পরিবারগুলো নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকটে দিন পার করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় অনেক পরিবার প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেননি। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন তারা।
পানিবন্দী মানুষ আল্লাহর রহমত কামনার পাশাপাশি সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের বিত্তবান মানুষের সহযোগিতা প্রার্থনা করেছেন। দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
এদিকে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানা গেছে।