রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন , প্রশাসনকে ৬ দিনের আল্টিমেটাম।
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈধ অটোরিকশা চালক ও মালিকরা। আগামী শনিবারের মধ্যে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে রবিবার থেকে জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাঙামাটি জেলা অটোরিকশা সচেতন চালকবৃন্দ’ ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত বৈধ অটোরিকশা চালক ও মালিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কোনো ধরনের রেজিস্ট্রেশন ও রুট পারমিট ছাড়াই হাজার হাজার অবৈধ অটোরিকশা রাঙামাটি শহরে চলাচল করছে। এতে একদিকে শহরে যানজট বেড়েছে, অন্যদিকে সরকারি ট্যাক্স ও টোকেন ফি পরিশোধ করে বৈধভাবে অটোরিকশা চালানো চালকদের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক চালক বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছেন বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, প্রশাসনের নজরের সামনেই অবৈধ অটোরিকশা চলাচল করলেও সেগুলো বন্ধে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহন বন্ধ এবং বৈধ চালকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সমাবেশ থেকে প্রশাসনকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলনকারীরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে আগামী রবিবার থেকে রাঙামাটি জেলায় সব বৈধ অটোরিকশা চলাচল বন্ধ রাখা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, পর্যটননির্ভর রাঙামাটি শহরের অন্যতম প্রধান গণপরিবহন অটোরিকশা। ফলে ধর্মঘট কার্যকর হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের চলাচলেও ব্যাপক ভোগান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।