লামা সদর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, সেনাবাহিনীর অভিযান
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা সদর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু, দুটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করেছে সেনাবাহিনী। পরে জব্দকৃত সরঞ্জাম ও মালামাল লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।
জব্দ তালিকা সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৩০ হাজার ঘনফুট বালু, বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন এবং প্রায় ৫০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা।
জব্দ তালিকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় পালের স্বাক্ষর রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লামা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে এসব সরঞ্জাম জব্দ করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, স্থানীয় সচেতন মহল সেনাবাহিনী ও প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।