চকরিয়া উপজেলার বমু বিলছড়ির অপহৃত দুই যুবক ১১ দিন পর ফিরলেন পরিবারের কাছে
নজরুল ইসলাম (লামা, বান্দরবান)
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি এলাকার দুই যুবক মানিক মিয়া ও মোজাম্মেল অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর অপহরণের শিকার হন। গত ২৯ মে থেকে নিখোঁজ থাকার পর অবশেষে ১১ দিন পর তারা পরিবারের কাছে ফিরে এসেছেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, অপহরণের পর একটি দালাল চক্র তাদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে অপারগ হলে পরিবার নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করে।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ সময়েও কোনো সুরাহা না হওয়ায় তারা নিজেরাও বিভিন্ন মাধ্যমে খোঁজখবর চালিয়ে যান। একপর্যায়ে এক নিকটাত্মীয়ের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা পাড়ার গহীন জঙ্গলে তাদের অবস্থানের সন্ধান পাওয়া যায়।
পরে মঙ্গলবার (৯ জুন) পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মানিক মিয়া ও মোজাম্মেলকে উদ্ধার করেন। বর্তমানে তারা পরিবারের সঙ্গে নিজ বাড়ির পথে রয়েছেন।
ভুক্তভোগীদের স্বজনরা এ ঘটনায় জড়িত মানবপাচারকারী ও অপহরণকারী চক্রের সদস্যদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।