র্যাব-৭ এর অভিযানে অপহরণের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী, আটক ৪
চট্টগ্রামে কাতারপ্রবাসী এক চুয়েট প্রকৌশলীকে অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব-৭। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হক রোববার (৭ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে নগরীর চান্দগাঁও এলাকার মধ্যম মোহরাস্থ নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং তাকে উদ্ধারের জন্য র্যাব-৭ এর কাছে আবেদন জানান।
একপর্যায়ে ভিকটিমের পরিবারের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয় যে, মনিরুল হক তাদের হেফাজতে রয়েছেন। তাকে মুক্ত করতে হলে ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলেও দাবি করা হয়।
ঘটনার পরপরই র্যাব-৭ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে রোববার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে নগরীর বন্দর থানাধীন রেলওয়ের সিএইচডি গোডাউনের সামনে ডেবারপাড় সংলগ্ন জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে অপহৃত মনিরুল হককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। তারা হলেন— মো. রোহান (২০), মো. সায়েম (২৩), মো. সাদ্দাম হোসেন (২৮) এবং মো. জিয়াউর রহমান। আটক ব্যক্তিদের সবার বাড়ি চট্টগ্রামের হালিশহর থানার বিভিন্ন এলাকায়।
র্যাব জানায়, আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৭ পতেঙ্গা সদর দপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।