শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা ও সদকায়ে জারিয়ার অনন্য মাধ্যম : এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কার্যক্রম নয়, এটি মানবকল্যাণমূলক একটি ইবাদত এবং সদকায়ে জারিয়ার উত্তম মাধ্যম। একটি গাছ মানুষের খাদ্য, অক্সিজেন ও ছায়ার উৎস হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বন্দর ইসলামী শ্রমিক সংঘের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মুহাম্মদ হেলাল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।

প্রধান অতিথি এস এম লুৎফর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণের কারণে বিশ্ব আজ বড় ধরনের সংকটের মুখোমুখি। এই পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশকে বাসযোগ্য রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ইসলাম পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। মহানবী (সা.) বৃক্ষরোপণকে সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করেছেন। কোনো ব্যক্তি একটি গাছ রোপণ করলে তা থেকে মানুষ, পশু-পাখি বা অন্য কোনো প্রাণী উপকৃত হলে সেটি তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। তাই বৃক্ষরোপণ একটি সামাজিক দায়িত্বের পাশাপাশি ধর্মীয় দায়িত্বও।

তিনি আরও বলেন, শ্রমিক সংগঠন শুধু অধিকার আদায়ের আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করাও শ্রমিক সংগঠনের দায়িত্ব। পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে শ্রমিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হতে হবে।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন এবং বন্দর এলাকার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আমিনুল ইসলাম রুমেল, রেজাউল করিম সেলিম, রবিউল হাসান, মোঃ শাহ আলম, মোঃ আমানুল্লাহ, হারুনুর রশিদ হেলাল প্রমূখ।

ক্যাটাগরি