নৌপথে মালয়েশিয়া যাওয়ার পথে দালালের খপ্পরে যুবক, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের এক যুবক নৌপথে মালয়েশিয়া যাওয়ার পথে দালালের খপ্পরে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
ভুক্তভোগী মানিক চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বমুরকুল এলাকার মো. আজিজের ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ মে শুক্রবার মানিক ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে এক ব্যক্তি মানিকের পরিবারের কাছে ফোন করে তাকে উদ্ধারের জন্য আসরের সময়ের মধ্যে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় মানিককে হত্যা করা হবে এবং তাকে আর কখনও ফিরে পাওয়া যাবে না বলে হুমকি দেওয়া হয়।
পরিবারের অভিযোগ, ফোনকারী আরও বলে যে বিষয়টি থানা-পুলিশ বা সাংবাদিকদের জানানো হলে মানিককে হত্যা করা হবে।
এ ঘটনায় আতঙ্কিত পরিবার দ্রুত আইনগত ব্যবস্থা নিতে চকরিয়া থানায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে। তারা প্রশাসনের কাছে মানিককে দ্রুত উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, সম্প্রতি অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে অনেক তরুণ দালাল চক্রের ফাঁদে পড়ছেন। এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি প্রয়োজন।