ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে চট্টগ্রামের আগ্রাবাদে মানববন্ধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদে সচেতন গ্রাহক ফোরাম এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, আমানতকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন গ্রাহক ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মনজুরুল হক, জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মো. হোসেন, আজহারুল ইসলাম ফয়সাল ও মো. শোভন।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। সাম্প্রতিক সময়ে ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্ত ও প্রশাসনিক পরিবর্তনের কারণে গ্রাহক ও আমানতকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ব্যাংকের স্থিতিশীলতা, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তারা অবিলম্বে ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবি করেন এবং পূর্বের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-কে পুনর্বহালের আহ্বান জানান। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা এবং ব্যাংকের পরিচালক নিয়োগ নীতিমালা সংস্কারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং গ্রাহক ও আমানতকারীদের স্বার্থে পরিচালিত হতে হবে। ব্যাংকের সুশাসন, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধার করা সম্ভব হয়।