চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে টিম কর্ণফুলীর জয়
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম |
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার (২ জুন) বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে টিম কর্ণফুলী ২-১ গোলে টিম হালদাকে পরাজিত করে বিজয় অর্জন করে।
প্রতিযোগিতায় ঢাকার বি-লিগসহ দেশের বিভিন্ন লিগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিয়ে গঠিত দুটি দল—টিম কর্ণফুলী ও টিম হালদা—মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও নৈপুণ্যপূর্ণ ফুটবল উপহার দেন। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে টিম কর্ণফুলী।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ শাহাবুদ্দিন শামীম, শহিদুল ইসলাম, এস এম গিয়াউদ্দিন বাবর এবং এম আবুল হাসনাতসহ ক্রীড়া সংগঠক, কোচ, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন-কে সংবর্ধনা প্রদান। সম্প্রতি ফুটবল থেকে অবসর গ্রহণ করায় সিজেকেএস ক্লাব সমিতি, সিডিএফএ, কোচেস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা জানানো হয়।
আয়োজকরা জানান, ঈদ উপলক্ষে ক্রীড়াঙ্গনের খেলোয়াড় ও সংগঠকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।