মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

হালিশহরে বস্তিতে আগুন

চট্টগ্রাম: নগরের হালিশহর থানার আই ব্লক এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি বলেন, আগুনে কতটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ক্যাটাগরি