সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ঠাকুরগাঁওয়ে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এ মেলা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমি অফিস কার্যালয় প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় নাগরিকদের জন্য বিভিন্ন ভূমিসেবা সহজ ও দ্রুত প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ভূমি.সরকার.বৃহৎ পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের অনলাইন আবেদনসহ নানা সেবা প্রদান করা হচ্ছে।

এছাড়াও ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ এবং সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে মেলায়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল নাগরিককে মেলায় অংশ নিয়ে আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ক্যাটাগরি