মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন অটোরিকশা চালক : নারী ফিরে পেলেন টাকার ব্যাগ ও স্বর্ণালংকার
চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহরে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক সৎ অটোরিকশা চালক। তার সততা ও মানবিকতায় হারিয়ে যাওয়া নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরে পেয়েছেন এক অসহায় নারী।
জানা যায়, ওই নারী পটিয়া এলাকায় অটোরিকশায় যাতায়াতের সময় অসাবধানতাবশত একটি ব্যাগ ফেলে যান। ব্যাগটিতে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ব্যাগ হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি এবং কান্নায় ভেঙে পড়েন।
এসময় কেলিশহর ইউনিয়নের এক অটোরিকশা চালক পটিয়া আদালতের সামনে ব্যাগটি দেখতে পান। ব্যাগের ভেতরের মূল্যবান জিনিসপত্র দেখে তিনি তা আত্মসাৎ না করে প্রকৃত মালিকের সন্ধানে অপেক্ষা করতে থাকেন। পরবর্তীতে মালিকের সঙ্গে যোগাযোগ স্থাপন হলে তিনি নিজ হাতে সম্পূর্ণ ব্যাগ ও সব মালামাল নিরাপদে ফিরিয়ে দেন।
কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ওই নারী অটোরিকশা চালককে ২০ হাজার টাকা পুরস্কার দিতে চাইলে তিনি তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। পরে শুধুমাত্র ভাড়া বাবদ ৩০০ টাকা গ্রহণ করে সবার কাছে দোয়া চান।
স্থানীয়দের মতে, এমন সৎ ও মানবিক মানুষের কারণেই সমাজে এখনো মানবতা বেঁচে আছে। তার এই মহৎ কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এদিকে, “আমরা আলোর পথে মিডিয়া লিমিটেড”, বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও “নিউজ ডটকম চট্টগ্রাম”-এর পক্ষ থেকে পটিয়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, মানবিক এই অটোরিকশা চালককে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা উচিত।