পতেঙ্গায় ২০ লাখ টাকার ডিজেলসহ ২ অয়েল ট্যাঙ্কার জব্দ, আটক ৯
চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় বিপুল পরিমাণ ডিজেলসহ ২টি অয়েল ট্যাঙ্কার জব্দ এবং ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (১৩ মে ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের লাল বয়া সংলগ্ন এলাকায় বুধবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে “ও.টি কুরবান আলী শাহ” নামের একটি অয়েল ট্যাঙ্কারে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল “ও.টি সী স্টার” নামের অপর একটি ট্যাঙ্কারের কাছে বিক্রির সময় হাতেনাতে অভিযান চালানো হয়। এসময় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করা হয়।
এ ঘটনায় অবৈধ তেল বিক্রির সঙ্গে জড়িত ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ডিজেল, অয়েল ট্যাঙ্কারদ্বয় এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া অবৈধ তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।