৩৯ নং ওয়ার্ডে সড়ক ও ড্রেন সংস্কারের দাবিতে জামায়াতের বিশাল মানববন্ধন
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের ভিআইপি রোড, আশপাশের ফুটপাত, ড্রেন-নালা ও নর্দমাসহ বিভিন্ন নাগরিক সেবা দ্রুত সংস্কারের দাবিতে এবং সিমেন্ট ক্রসিং থেকে নারিকেলতলা মহাজনঘাটা পর্যন্ত সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত চসিক মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী।
তিনি বলেন, “ভিআইপি রোডের বর্তমান অবস্থা দেখে মনে হয় এটি কোনো পরিত্যক্ত এলাকা কিংবা যুদ্ধবিধ্বস্ত জনপদ। অথচ এটি পর্যটন শিল্প, আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক, অর্থনৈতিক জোন, বড় বড় তেল শোধনাগার, শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং দুটি গার্মেন্টস কারখানার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক।”
তিনি আরও বলেন, “সরকারের উদাসীনতা এবং সিডিএ ও চসিকের সমন্বয়হীনতার কারণে উন্নয়নের পরিবর্তে পুরো এলাকা জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে ভুক্তভোগীদের নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. সাহেদের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ওসমান গনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মোজাম্মেল হক।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বাইতুলমাল সেক্রেটারি আব্দুর রহমান বিশ্বাস, ওয়ার্ড অফিস সম্পাদক মামুন খান, ওয়ার্ড প্রচার সম্পাদক মো. ফখরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বক্তব্য রাখেন হাফেজ মো. বখতিয়ার, মো. ইউনুস ও আব্দুল আহাদ।
বক্তারা অভিযোগ করেন, ফ্লাইওভার ও র্যাম্প সংযোগ লাইনের কাজের ধীরগতি এবং বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতার কারণে সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতেই পুরো এলাকা জলাবদ্ধতায় তলিয়ে যায়। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো বাসিন্দাকে।