অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, কোতোয়ালী থানার অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে অ্যাম্বুলেন্সে করে পাচারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ তারিখে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) কাজী মনিরুল করিম চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল থানা এলাকায় বিশেষ চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার জেলা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দুইজন মাদক ব্যবসায়ী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রামের দিকনির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান জোরদার করা হয়। একপর্যায়ে কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডের পুরাতন ফিশারীঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন অ্যাম্বুলেন্স তল্লাশি শুরু করা হয়।
রাত প্রায় ১১টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে আসা একটি সন্দেহভাজন অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দিলে সেটি কৌশলে ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা ধাওয়া করে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে ব্রিকফিল্ড রোডস্থ একটি কালভার্টের উপর থেকে অ্যাম্বুলেন্সটি আটক করতে সক্ষম হন।
এসময় গাড়িতে থাকা দুইজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মোঃ আফসার (৩৩)।
পরে উপস্থিত সাক্ষী ও গণমাধ্যমকর্মীদের সামনে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ১০ কেজি) উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ-৭১-১২৬৫) এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানায়।