চট্টগ্রামের এসপি হলেন ডিসি মাসুদ
দেশের ১২ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। এই তালিকায় আলোচিত ডিএমপির রমনা বিভাগের সাবেক উপ-কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলমের বাড়ি বগুড়া জেলায়। পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজের অভিজ্ঞতা সম্পন্ন এই কর্মকর্তা এর আগে ডিএমপির রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্বের কারণে বিশেষ আলোচনায় আসেন।
একই আদেশে ডিএমপির উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইল এবং সাতক্ষীরার এসপি আরেফিন জুয়েলকে এপিবিএন-এ বদলি করা হয়েছে। এছাড়া রাজশাহীর সারদা পুলিশ একাডেমির আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরায় এবং চাঁদপুরের এসপি রবিউল হাসানকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।
অন্যান্য জেলাগুলোর মধ্যে ঝালকাঠির এসপি মিজানুর রহমানকে চাঁদপুরে এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মৌলভীবাজারের এসপি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে সরিয়ে সেখানে আরএমপির রিয়াজুল ইসলামকে স্থলাভিষিক্ত করা হয়েছে।
চট্টগ্রামের বর্তমান এসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএন-এ বদলি করা হয়েছে। এছাড়া ফেনীর এসপি শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি এবং সিএমপির উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।