শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার অভিযানে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী সাত্তার শাহ গ্রেফতার

চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, খুন, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী কুখ্যাত সন্ত্রাসী সাত্তার শাহ (প্রকাশ ডিপজল, প্রকাশ শওকত) গ্রেফতার হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ কমিশনার, সিএমপি’র সার্বিক দিকনির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (৫ মে) বাকলিয়া থানাধীন তুলাতলি জামাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাত্তার শাহ (৪৭) রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বাকলিয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পরে তাকে কোতোয়ালী থানায় নিয়ে আসা হয় এবং কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় (মামলা নং-৫২, তারিখ: ২৮/১১/২০২৫, ধারা ৩০২/৩৪) আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের তথ্যানুযায়ী,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী, হাটহাজারী,পাহাড়তলী, পটিয়া, ইপিজেড, পতেঙ্গা, বাকলিয়া ও চান্দগাঁও থানায় অস্ত্র, ডাকাতি, ছিনতাই, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। সবমিলিয়ে তার বিরুদ্ধে অন্তত ২২টি মামলা রয়েছে বলে জানা গেছে।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত ছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা সম্ভব হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি