বন্দর–ইপিজেড পতেঙ্গায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ পালিত
“শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বন্দর–ইপিজেড পতেঙ্গা এলাকায় কর্মরত পেশাজীবী সম্মিলিত সাংবাদিকদের উদ্যোগে রোববার সন্ধ্যায় বিএন মিডিয়া এজেন্সির মিলনায়তনে এক মুক্ত আলোচনা সভা ও চা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম মোসলেহ উদ্দিন বাহার। এছাড়া বক্তব্য দেন জাতীয় দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি ও সিনিয়র রিপোর্টার মোঃ রিয়াজ উদ্দিন, খবর ২৪ ডটকমের প্রধান প্রতিবেদক মোঃ মোস্তাফিজুর রহমান, পেশাজীবী পরিষদের সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, মোঃ মোরশেদ আলম, মানব সময় পত্রিকার রিপোর্টার মোঃ কামাল উদ্দিন, বিজয় সংবাদের শেখ আহমদ শাকিল, সিএনএন বাংলা ২৪ ডটকমের মহানগর প্রতিনিধি মোঃ খলিলুর রহমান হাওলাদারসহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংবাদপত্রের স্বাধীনতার ওপর যে কোনো হস্তক্ষেপ প্রতিহত করতে হবে এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একইসঙ্গে ত্যাগী সাংবাদিকদের স্মরণ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বক্তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা দমনে যারা বলপ্রয়োগ বা বাধা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে সাংবাদিক সমাজকে দৃঢ় অবস্থান নিতে হবে।
আলোচনা শেষে চা চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।