শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

জাতীয় জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতি বদ্ধপরিকর — মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জাতীয় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাতি বদ্ধপরিকর। তিনি বলেন, শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং নৈতিকতা, আদর্শিক দৃঢ়তা এবং সুশাসনের সমন্বিত প্রয়োগের মাধ্যমেই একটি শক্তিশালী ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শুক্রবার রাত ৯ টায় ডবলমুরিং থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়; এটি একটি সামগ্রিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা, যা দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি সুশাসিত সমাজ প্রতিষ্ঠার দিকনির্দেশনা প্রদান করে। এই সনদের আলোকে রাষ্ট্র পরিচালিত হলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অবিচারের অবসান ঘটবে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে আদর্শবান নেতৃত্ব ও দক্ষ জনশক্তি গড়ে তোলা অপরিহার্য। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

তিনি রুকনদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে কেবল সংগঠনের সদস্য হিসেবে নয়, বরং সমাজ পরিবর্তনের কর্মী হিসেবে গড়ে উঠতে হবে। ব্যক্তিজীবনে সততা, শুদ্ধাচার ও আত্মশুদ্ধির চর্চা করতে হবে এবং সামাজিক জীবনে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের এই ক্রান্তিকালে আদর্শিকভাবে দৃঢ় ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলতে হবে।

ডবলমুরিং থানা আমীর ফারুকে আজমের সভাপতিত্বে ও থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম সংগঠনের রুকনদের উদ্দেশ্যে বলেন, একজন আদর্শ মুসলিমের পরিচয় শুধু ইবাদতে নয়, বরং তার প্রতিটি আচরণ, কথা ও দৈনন্দিন জীবনের মধ্যে প্রতিফলিত হয়—ব্যক্তি জীবনকে ইসলামের আলোকে গড়ে তোলাই প্রকৃত সফলতা।

তিনি আরও বলেন, আগামী ৪-১৮মে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালনে দায়িত্বশীলদের পরিকল্পিত ভূমিকা পালন করতে হবে। সংগঠন পদ্ধতির আলোকে ইউনিট পরিচালনার জন্য পক্ষকে কাজে লাগাতে হবে। নিয়মিত প্রোগ্রামাদি বাস্তবায়ন করে আদর্শ ইউনিট গঠনে দায়িত্বশীলদের ভূমিকা পালনা করতে হবে।সংগঠনের প্রতিটি স্তরে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন টিম ভিত্তিক মনিটরিং করতে হবে। সকল জনশক্তির মান সংরক্ষণে দায়িত্বশীলদের আরও ভূমিকা পালন করতে হবে। আর্থিক সহযোগিতার পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পাঠাগারকে সমৃদ্ধ করার লক্ষ্যে বই বৃদ্ধি ও বই বিলিকেন্দ্র বৃদ্ধি করার উদ্যোগ নিতে হবে। দূর্বল ইউনিটগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সংগঠন মজবুতির চেষ্টা করার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী সালাউদ্দিন আহমেদ, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারী ও ২৪ নং ওয়ার্ড আমীর ইমরানুল হক, থানা কর্মপরিষদ সদস্য বেলায়েত হোসেন, শহিদুল্লাহ ফারুকী, মাসুদুল কবির, এইচ এম শহিদুল্লাহ, ২৭ নং ওয়ার্ড আমীর মুজিবুর রহমান, ২৩ নং ওয়ার্ড আমীর আবদুর রহিম, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, ২৪ নং ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহমান, ২৭ নং ওয়ার্ড সেক্রেটারি হায়দার আলী, ২৩ নং ওয়ার্ড সেক্রেটারি আবদুল কাদের এবং ২৪ নং ওয়ার্ড কর্মপরিষদ সদস্য জনাব মামুনুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ক্যাটাগরি