সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

শখের ছাদ বাগান থেকে আয়ের পথে ‘হোসেন সিটি গার্ডেন’

হোসেন বাবলা, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর বন্দরটিলাস্থ আলী শাহ জামে মসজিদ সংলগ্ন কবরস্থান গলির শেষ প্রান্তে রেললাইন এলাকায় গড়ে ওঠা ‘হোসেন সিটি গার্ডেন’ এখন শখের সীমা পেরিয়ে আয়ের উৎসে পরিণত হয়েছে।

এক সময় নিছক শখের ছাদ বাগান ও ছোট নার্সারি হিসেবে যাত্রা শুরু হলেও বর্তমানে এটি সফল উদ্যোগে রূপ নিয়েছে। এই উদ্যোগের পেছনে রয়েছেন নারী উদ্যোক্তা ফাহিমা আক্তার, যিনি নিজের আগ্রহ ও পরিশ্রমের মাধ্যমে বাগানটিকে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত করেছেন।

এই ছাদ বাগান ও নার্সারিতে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফলজ, বনজ ও শোভাবর্ধনকারী গাছের সমাহার রয়েছে। পাশাপাশি রয়েছে ফিশ অ্যাকোরিয়াম, যেখানে দেশ-বিদেশের প্রায় ২৬ প্রজাতির মাছ সংরক্ষণ করা হয়েছে।

উদ্যোক্তা ফাহিমা আক্তার জানান, “শখ থেকেই শুরু করেছিলাম। একসময় গাছ ও মাছের খাবার, চারা এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে দূরে যেতে হতো। এখন এসব কিছুই আমাদের এই বাগান থেকেই সহজে পাওয়া যাচ্ছে।”

এখানে গাছের চারা, মাছের খাবার, ওষুধসহ অ্যাকোরিয়াম সামগ্রী, এমনকি পোষা প্রাণী বিশেষ করে বিড়ালের খাবার ও পরিচর্যা বিষয়ক পরামর্শও দেওয়া হয়। পাশাপাশি গাছের পরিচর্যা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়।

‘হোসেন সিটি গার্ডেন’ থেকে ফুল, ফল, ঔষধি, ভেষজ, মসলা জাতীয় ও বনজ গাছের চারা অল্প মূল্যে বিক্রি করা হচ্ছে। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২০ শতাংশ ছাড়ে চারা সরবরাহের সুবিধা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা ফাহিমা আক্তার।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ একদিকে যেমন পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে, তেমনি অন্যদিকে নারীদের স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করছে।

ক্যাটাগরি