হাফেজরা নৈতিকতার অগ্রদূত—এডভোকেট সাদ্দাম হোসাইন আজাদ
লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের আদার চর ইমাম আবু হানিফা (রহ.) মাদ্রাসা হিফজুল কুরআন ও এতিমখানার সবকদান অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সাদ্দাম হোসাইন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুরআনের শিক্ষায় আলোকিত প্রজন্মই সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর করতে পারে। হাফেজরা কেবল কুরআনের ধারক নন, তারা নৈতিকতার অগ্রদূত—যারা ভবিষ্যতে দেশ ও জাতিকে সঠিক পথে নেতৃত্ব দেবে। তিনি এতিম ও হাফেজ শিক্ষার্থীদের শিক্ষা ও মানবিক বিকাশে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী, মাদ্রাসার ইবতেদায়ী শাখা প্রধান মাওলানা কুতুব উদ্দিন, হেফজ বিভাগের শিক্ষক মাওলানা হাফেজ মোরশেদ এবং অভিভাবক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার সমাজে নৈতিকতার ভিত্তি সুদৃঢ় করছে এবং নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলছে।
অনুষ্ঠানে সবক প্রদান করেন হেফজ বিভাগের পরিচালক হাফেজ ক্বারী মাওলানা জাকারিয়া। শিক্ষার্থীদের সাবলীল তেলাওয়াত ও দোয়া উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
মাস্টার আলিম সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টার ইউসুফ, আনসারুল্লাহ আনাস, খুলু মিয়া, আবদুস সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।