পেকুয়ায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলার উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে ২০২৬) সকাল ৯টায় পেকুয়া বাজার থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব দিদারুল ইসলাম, পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব নুরুল কবির এবং মুসলিম উদ্দিন আজাদ।
বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। এই দিনে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংগঠিত শক্তিই পারে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিক শ্রেণি। তাই তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সকল স্তরের মানুষের দায়িত্ব।
সমাবেশ শেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।