যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর: কোতোয়ালী থানা পুলিশের অভিযানে স্বামী গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে কোতোয়ালী থানাধীন দেওয়ান বাজার এলাকার ১৮নং গুরা মিয়া চৌধুরী লেইন মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। গার্মেন্টস কর্মী রুপা মনি (৩২)-এর স্বামী মাহমুদুল হাসান রিপন (৩৬) তার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। ভুক্তভোগী ওই অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে আহত করেন।
এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মামলা নং-৭২, তারিখ ২৮/০৪/২০২৬ খ্রি., নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ১১(গ) ধারায় মামলা রুজু করা হয়।
পরবর্তীতে সিএমপির দক্ষিণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক দিকনির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৮ এপ্রিল ২০২৬ তারিখে অভিযান চালিয়ে অভিযুক্ত মাহমুদুল হাসান রিপনকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারী নির্যাতন ও যৌতুক সংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।