ডাকাতির প্রস্তুতি মামলায় পেশাদার ডাকাতদলের সক্রিয় সদস্য গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলায় জড়িত এক পেশাদার ডাকাতদলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর সার্বিক দিকনির্দেশনায়, এসি কোতোয়ালী জোনের তত্ত্বাবধানে ও কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক টিম ২৮ এপ্রিল ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার হওয়া আসামি মো. আরিফ হোসেন (২৩)। তার পিতা মো. জাকির হোসেন ও মাতা তাছলিমা বেগম। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নারী নোয়াগাঁও সিকদার বাড়িতে। বর্তমানে তিনি চট্টগ্রামের বাকলিয়া থানার চক চাকতাই এলাকার আছু কমিশনারের ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামি কোতোয়ালী থানার মামলা নং-০১, তারিখ ০১/০৪/২০২৬ খ্রি., ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে দায়েরকৃত ডাকাতির প্রস্তুতি মামলার একজন সক্রিয় সদস্য।
গ্রেফতারের পর তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নগরীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।