কোতোয়ালী থানার অভিযানে প্রতারণা মামলার সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণা মামলায় অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত এক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ২৮ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত জিআর আসামি মো. নয়ন হোসেন হৃদয়কে গ্রেফতার করা হয়। তার পিতা আবদুর সালাম ও মাতা শিউলি বেগম। তিনি চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ১৪ জামতলা বস্তি এলাকায় বসবাস করেন।
একই অভিযানে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় (সিআর-১০৫/২০২১, পাঁচলাইশ থানা, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড) সাজাপ্রাপ্ত আসামি মো. ইয়াহিয়া খানকেও গ্রেফতার করা হয়। তার পিতা সৈয়দ নুর। তিনি কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকার নাসির বিল্ডিংয়ে বসবাস করতেন।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।