কোতোয়ালী থানার অভিযানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সক্রিয় কর্মী শাহাদাত হোসেন গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এক সক্রিয় কর্মী মো. শাহাদাত হোসেন (৩৯) গ্রেফতার হয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই মো. সোহরাব হোসেনসহ থানার মোবাইল টিম এবং অন্যান্য আভিযানিক টিমের সদস্যরা অংশ নেন। অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহাদাত হোসেনের পিতার নাম মো. ইসরাফিল এবং মাতার নাম পেয়ারা বেগম। তার গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানার চর মজশিলপুর এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রামের চকবাজার থানার রসুলবাগ এলাকার ডি-ব্লক মসজিদের ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত। তিনি এজাহারভুক্ত পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের সঙ্গে যোগসাজশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অবস্থান করতেন।
এছাড়া, তার বিরুদ্ধে দেশে-বিদেশে অবস্থান করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, ভ্রান্তিমূলক তথ্য প্রচার, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও সহায়তার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষা ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।