সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নুর মুহাম্মদ, কক্সবাজার:
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি আরিফুল্লাহকে (২৬) সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশের একটি টিম।

এসময় গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রাম থেকে নগদ ৪ লক্ষ ৩০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে রামু থানায় দায়েরকৃত মামলার (মামলা নং-১৯, ধারা: ৪৫৪/৩৮০/৩৬৪/৩৪ পেনাল কোড) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে রামু থানা পুলিশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এক ঝটিকা অভিযান চালিয়ে ১ নং আসামি মোঃ আরিফুল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল্লাহ ৩২ লাখ টাকা চুরি এবং অপহরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন নিউ মুরিং এলাকায় পুলিশ অভিযান চালায়। সেখান থেকে নগদ ৪ লক্ষ ৩০ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত ২টি মুঠোফোন ফোন জব্দ করার বিষয়টি নিশ্চিত করেন রামু থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম ভূঁইয়া।

​বাকি টাকার বিষয়ে আসামি জানায়, অবশিষ্ট অর্থ তার ভাই মোঃ নাসিরের কাছে রয়েছে। নাসির চট্টগ্রামের ইপিজেড এলাকায় মোবাইল ফোনের দোকানদার। বর্তমানে সে পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

​মামলার ভিকটিম গত ২৬ এপ্রিল বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে ধারা ১৬৪ মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে ভিকটিম তাকে অপহরণ এবং টাকা চুরির ঘটনার রোমহর্ষক বর্ণনা দেন।

ক্যাটাগরি