শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ইপিজেড–পতেঙ্গা ব্যবসায়ী সমিতির স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে

চট্টগ্রামে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, বাজার ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা জোরদারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ইপিজেড–পতেঙ্গা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যার পর মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনার সময়সীমা পরিবর্তন করে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি এলাকায় সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার দাবি জানানো হয়।

ব্যবসায়ী নেতারা জানান, সম্প্রতি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়। সেই প্রেক্ষিতে সমন্বিতভাবে জেলা প্রশাসকের কাছে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন হালিশহর-পতেঙ্গা ইলেকট্রনিক্স দোকান মালিক সমিতির উপদেষ্টা মোঃ শাহজাহান সাজু, বে শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জারগাম মেহেদী, বন্দরটিলা শাহ প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ সোলায়মান সওদাগর ও সাধারণ সম্পাদক মোঃ মিঠুনসহ বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়াও সিইপিজেড চৌধুরী মার্কেট, ঝনক প্লাজা, আলী প্লাজা, মহাজন গোল্ডেন মার্কেট, নূর শপিং সেন্টার, সিটি কর্পোরেশন দোকান মালিক সমিতি, আল-মদিনা সুপার মার্কেট, আলী শাহ সুপার মার্কেট এবং নেভী মার্কেটসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আশ্বাস দেন।

তিনি এ সময় নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ করে বিদ্যুতের অপচয় রোধে সবাইকে সচেতন ও সহযোগিতার আহ্বান জানান।

ক্যাটাগরি