শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

চট্টগ্রাম: কোতোয়ালী থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে কোতোয়ালী থানার নিউ মার্কেট মোড়ে অবস্থানকালে বেতার বার্তার মাধ্যমে খবর পান এসআই মো. সোহরাব হোসেন। সংবাদে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী পলোগ্রাউন্ড মাঠ থেকে টাইগারপাসমুখী রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করছে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে দ্রুত অলি-গলির মাধ্যমে পালিয়ে যায়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই সোহরাব হোসেনসহ বিভিন্ন আভিযানিক টিম যৌথভাবে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১১ জন এবং তদন্তে প্রাপ্ত আরও ১ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-৬২, তারিখ ২৪/০৪/২০২৬ খ্রি. অনুযায়ী সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তারা সংঘবদ্ধভাবে নাশকতা সৃষ্টি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা, ভ্রান্ত তথ্য প্রচার এবং সন্ত্রাসী কার্যক্রমে সহায়তার সঙ্গে সংশ্লিষ্ট বলে তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি