পতেঙ্গা ন্যাশনাল ক্লাবের ফুটবলে চ্যাম্পিয়ন বিজিএস ও রানার্স আপ- ফ্রেন্ডস ফর এভার দল
চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গার ৪০ নম্বর ওয়ার্ডের সাইলো খালপাড় মাঠে পতেঙ্গা ন্যাশনাল ক্লাব আয়োজিত ৮ম মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সন্তান ও নবাগত বিসিবি এডহক কমিটির পরিচালক সদস্য ইসরাফিল খসরু। উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র আহ্বায়ক মোঃ মিয়া ভোলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় বিনিময় করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবী হাজী মুজিবুল হক কোম্পানি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম তানভীর। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পতেঙ্গা আরবান ফুটবল একাডেমির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ফাইনাল খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
রুদ্ধশ্বাস ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ গোলে ফ্রেন্ডস ফর এভারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধুমপাড়া এলাকার বিজিএস ফুটবল দল। চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি নগদ ৩৫ হাজার টাকা এবং রানার্স আপ দল ট্রফিসহ ২০ হাজার টাকা পুরস্কার লাভ করে।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আলাউদ্দিন, সেরা গোলরক্ষক মোঃ আনিস এবং সর্বোচ্চ গোলদাতা হন ফটিক।
খেলা পরিচালনা করেন রেফারি মোঃ হারুন, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রকিবু ও রাজন। পুরো অনুষ্ঠানের ধারাভাষ্য ও উপস্থাপনা করেন ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ মুরাদ ও লুৎফর রহমান আরমান।
উল্লেখ্য, এর আগে ২৩ এপ্রিল রাতে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং মাঠভিত্তিক ক্রীড়া চর্চা জোরদারের আহ্বান জানান।