বাঁশখালীতে বনদস্যুদের গুলিবর্ষণে প্রতিরোধ, ডাম্পারসহ কাঠ জব্দ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় বনদস্যুদের অবৈধ গাছ কাটার ঘটনায় অভিযান চালিয়ে ডাম্পারসহ বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বন বিভাগ। অভিযানের সময় বনদস্যুদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়া হলে তারা পালিয়ে যায়। বন বিভাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে বান্দরমারা এলাকায় একদল বনদস্যু আকাশী গাছ কাটে। গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি বিট কর্মকর্তা মো. কামরুল হাসান, নাপোড়া বিট ও স্থানীয় ভিসিএফ সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
পরদিন সকালে কাঠ পাচারের সময় বন প্রহরী মো. জুয়েলুর রহমান ও সুভাষ চন্দ্র লস্কর শাহাদাত মার্কেট এলাকায় ডাম্পার থামানোর চেষ্টা করলে বনদস্যুরা তাদের ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে পালিয়ে যায়। পরে রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হক এর নেতৃত্বে পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে আল-আকসা বাজার এলাকা থেকে ডাম্পারসহ কাঠ জব্দ করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট গার্ড, ওয়াইল্ডলাইফ স্কাউট সদস্য এবং পেকুয়া থানার পুলিশ সদস্যরা। বন বিভাগ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।