রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ভুয়া এনআইডি ব্যবহার করে চাকরি, ৪.৯০ লাখ টাকা আত্মসাৎ: কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার, ১৬৪ ধারায় জবানবন্দি

ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কুরিয়ার প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ এবং নগদ ৪ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারের পর আসামির কাছ থেকে ঘটনার স্বীকারোক্তি পাওয়া গেছে এবং তাকে আদালতে সোপর্দ করে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৪ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে মো. রুবেল গাজী (৩৭) নামের আসামি কোতোয়ালী থানাধীন আইস ফ্যাক্টরি রোডস্থ শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের ৭ নম্বর গলিতে অবস্থিত “এ.জে.আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস” থেকে একটি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-৭৮১৩) মালামালসহ গ্রহণ করে এ কে খান শাখার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তার কাছে চালান বাবদ নগদ ৪ লাখ ৯০ হাজার টাকা দেওয়া হয়।

পরবর্তীতে তিনি নির্ধারিত শাখায় গাড়ি রেখে মালামাল বুঝিয়ে না দিয়ে কৌশলে নগদ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হলে মামলা নং-৫৪, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪, ধারা ৪০৬/৪০৮ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৯ এপ্রিল ২০২৬ রাত ১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম বন্দর থানার উত্তর ঘোষাইলডাঙ্গা এলাকায় ঠান্ডা মিয়া মসজিদ সংলগ্ন ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন, তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্রে নিজের ছবি সংযুক্ত করে কুরিয়ার প্রতিষ্ঠানে ড্রাইভার হিসেবে চাকরি নেন। ঘটনার দিন তিনি মালামালসহ গাড়ি গ্রহণ করে নির্ধারিত স্থানে মালামাল হস্তান্তর না করে নগদ টাকাসহ আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

ক্যাটাগরি