বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির আহ্বান, নববর্ষে শুভেচ্ছা জানাল সিএইচটি সম্প্রীতি জোট

পার্বত্য চট্টগ্রামের সকল জাতিসত্তার মধ্যে দীর্ঘদিনের লালিত সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ও নতুন বছরের আগমন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

রবিবার এক শুভেচ্ছা বার্তায় সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক পার্বত্য জনপদের সর্বস্তরের মানুষকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, “সিনিং নাইং, সাংগ্রাই, বিষু ও চাক্রান উৎসব পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতির এক অনন্য মিলনমেলা। এই উৎসবের আনন্দ সবার ঘরে ঘরে সম্প্রীতির বার্তা পৌঁছে দিক।”

তিনি আরও বলেন, পুরাতন বছরের সকল গ্লানি, বিভেদ ও নেতিবাচকতা যেন মৈত্রী পানির পবিত্র ধারায় ধুয়ে-মুছে যায়। পাহাড়ে শান্তি রক্ষা, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের মাধ্যমে একটি সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলাই সিএইচটি সম্প্রীতি জোটের মূল লক্ষ্য।

বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়, নতুন বছরে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিশ্বাস আরও গভীর হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল সম্প্রদায়ের উৎসব যেন আনন্দময় ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়—এই প্রত্যাশা জানিয়ে শুভেচ্ছা বার্তাটি শেষ করা হয়।

ক্যাটাগরি