মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

টেকনাফের হ্নীলায় মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা

নুর মুহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার রঙ্গিখালী এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান দেশে প্রবেশ করেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-টেকনাফ সার্কেলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

অভিযানকালে নুরুল হোসাইনের মালিকানাধীন একটি মুরগির খামারের ছোট কক্ষ থেকে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে ৫০টি ইটসদৃশ ইয়াবার প্যাকেট পাওয়া যায়, যার মোট পরিমাণ প্রায় ৫ লাখ পিস।

ঘটনার সময় খামার মালিক নুরুল হোসাইন পালিয়ে যান। তিনি স্থানীয় বাসিন্দা গুরা মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি