সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

মহেশখালীর সোনাদিয়া চরে বোটে হামলা, কোস্ট গার্ডের অভিযানে রক্ষা পেলেন নিউজিল্যান্ডের পর্যটক

সোনাদিয়া চর এলাকায় একটি বোটে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় বাংলাদেশ কোস্ট গার্ড-এর তাৎক্ষণিক অভিযানে প্রাণে রক্ষা পেয়েছেন নিউজিল্যান্ডের এক পর্যটক পরিবার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি তার পরিবারের চার সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট/ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ নেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে বিরত থাকতে পরামর্শ দেয় এবং গত ১ মার্চ ২০২৬ তারিখে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা প্রদান করা হয়। একইসঙ্গে তাদের পাসপোর্ট যাচাই করে দেখা যায়, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

তবে এসব নির্দেশনা উপেক্ষা করে তারা কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল উদ্ধার অভিযান পরিচালনা করে এবং পর্যটকদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারের পর জন এডওয়ার্ড পাডনি বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাটাগরি