চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জ্বালানি ও ভোজ্য তেল মজুত ঠেকাতে কোস্ট গার্ডের যৌথ অভিযান
জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে জ্বালানি ও ভোজ্য তেলসহ খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী, নৌ পরিবহণ অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে বুধবার দুপুর ১২টা থেকে বহিঃনোঙ্গরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোস্ট গার্ড জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বহিঃনোঙ্গর এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার বেশি কোনো লাইটার বা কোস্টার জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে না দেওয়া, জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজ দ্রুত গন্তব্যে পাঠানো এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোস্ট গার্ড আরও জানায়, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ব্রিফিং প্রদান করেন বিসিজিএস জয় বাংলা জাহাজের নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট নাফিস ফুয়াদ বসনিয়া।