চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন: মিথ্যা মামলার প্রতিবাদ, প্রত্যাহারের দাবি
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে “চট্টগ্রামে কর্মরত সাংবাদিকবৃন্দ ও নাগরিক সমাজ”-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঋণখেলাপি ও মামলাবাজির অভিযোগে অভিযুক্ত এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন আলম ও তার সহযোগীরা সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ রানা, সি ভিশনের সম্পাদক এস এম আকাশ, দৈনিক এখনই সময়ের বিভাগীয় ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি, সাংবাদিক আবু হেনা খোকন, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আরিয়ান লেলিনকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা অভিযোগ করেন, এস এ গ্রুপের বিরুদ্ধে ব্যাংক লুট ও ঋণখেলাপিসহ বিভিন্ন অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের কণ্ঠরোধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে দায়ের করা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।