চট্টগ্রামে জাতীয় ক্রীড়া দিবসে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির বর্ণাঢ্য কর্মসূচি
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামের দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিকেলে নিয়মিত অনুশীলনের আগে একাডেমির উদ্যোগে প্রীতি ‘ফেয়ার প্লে’ প্রদর্শনী ফুটবল ম্যাচ, ফুটবল কৌশল নিয়ে আলোচনা সভা, ডিসপ্লে এবং খেলোয়াড়দের মাঝে টিফিন বিতরণ করা হয়। দিনব্যাপী এসব আয়োজন একাডেমির খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
এর আগে সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ ও জেলা ফুটবলার মোঃ মামুন, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, নির্বাহী সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, সদস্য মোঃ সেলিম উদ্দীন, অভিভাবক সদস্য মোঃ মোতাহের হোসেন বাদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
“ক্রীড়া হলো পেশা, পরিবার পেলো ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
এছাড়া আগামী ১৫ এপ্রিল থেকে বাফুফের চ্যাম্পিয়নশিপ একাডেমি কাপ (অনূর্ধ্ব-১৪) ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে খেলোয়াড়দের অনুশীলন কার্যক্রম অব্যাহত রয়েছে।