রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ইউএনও’র অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ (রোববার) উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

সহায়তা প্রদানকালে ইউএনও বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই ক্ষতি অপূরণীয়। উপজেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের যেকোনো দুর্যোগ ও বিপদে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়াতে এবং বর্তমান সংকট কাটিয়ে উঠতে কিছুটা হলেও স্বস্তি ও আশার আলো দেখাবে।”

উল্লেখ্য, গত কয়েকদিন আগে নাজিরহাট পৌরসভায় এক আকস্মিক অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন দ্রুত তাদের সহায়তায় এগিয়ে আসে। প্রশাসনের এই মানবিক ও দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

অর্থ সহায়তা প্রদানকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি