ফটিকছড়িতে অবৈধ মাটি কাটায় সৃষ্ট গর্তে ডুবে ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অবৈধভাবে মাটি কাটার ফলে সৃষ্ট গভীর গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— ওই এলাকার হাবিবুর রহমানের কন্যা সাকি আক্তার (৯) এবং জাকির হোসেনের কন্যা সানজিদা আক্তার (৮)। তারা দুজনই ভূজপুর আল মাহাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসা থেকে ফেরার পথে শিশু দুটি রাস্তার পাশে অবৈধভাবে খুঁড়ে রাখা একটি গভীর গর্তের জমে থাকা পানিতে পড়ে যায়। ইটভাটার জন্য পাহাড় বা ফসলি জমির মাটি কাটতে গিয়ে এই বিশাল গর্ত তৈরি করা হয়েছিল। শিশু দুটি গর্তের গভীরতা বুঝতে না পেরে পানিতে তলিয়ে গেলে পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইটভাটার মালিকেরা কৃষি জমি ও জনবসতিপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে মাটি খনন করছেন। এসব অপরিকল্পিত গর্তে বৃষ্টির পানি জমে থাকায় তা সাধারণ মানুষের জন্য, বিশেষ করে শিশুদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। তারা এই অবৈধ মাটি কাটা বন্ধে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চাওয়া হয়েছে। তবে অবৈধভাবে মাটি কাটার বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।